ডেস্ক রিপোর্টঃ ২৬ জুলাই নেত্রকোনার
ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এ দিনে নেত্রকোনা জেলার ভারতীয়
সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাক হানাদার বাহিনীর
সাথে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সন্মুখ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে সাত বীর
মুক্তিযোদ্ধা শহীদ হন।
তারা হলেন, নেত্রকোনা জেলার ডাঃ আজিজ, মোঃ
ফজলুল হক, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মোঃ নুরুজ্জামান, মোঃ ইয়ার
মাহমুদ, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ভবতোষ চন্দ্র দাস ও জামালপুর জেলার
মোঃ জামাল উদ্দিন।
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সেই স্মৃতি ধরে
রাখতে এবং নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরতে
মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা ইউনিট প্রতি বছরের
মতো এবারও নানা কর্মসূচীর মধ্য দিয়ে এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করছে।
কর্মসূচীর মধ্যে, নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা ইউনিয়নের
ফুলবাড়িয়াস্থ সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা উচ্চ
বিদ্যালয় মাঠে আলোচনা সভা, বাদ জোহর লেঙ্গুরা বাজার জামে মসজিদে মিলাদ
মাহফিল ও অন্যান্য মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা ।
অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, নেত্রকেনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা পৌরসভার
মেয়র নজরুল ইসলাম খান, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো: ফকরুল
ইসলাম ফিরোজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাহিত্য ও গবেষনা
সম্পাদক মাহবুবুল হক চিশতী কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন
বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার জনাব
নূরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো:
সুলতান গিয়াস উদ্দিন ও নেজারত ডেপুটি কালেক্টরেট মো: শরীফ উদ্দিন।
